ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পূর্ণকালীন ও খণ্ডকালীন শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, গণিত, পদার্থবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগসহ বিভিন্ন ইনস্টিটিউটে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
এ ছাড়া ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং*-এর বিভিন্ন প্রোগ্রামেও শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
আবেদনের সময়সূচি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য যোগ্যতা যাচাইয়ের আবেদন ৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত করা যাবে। যোগ্যতা যাচাইয়ের ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ৮ নভেম্বর।
যোগ্যতা যাচাইয়ে নির্বাচিত প্রার্থীরা ৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ থেকে ৮ ডিসেম্বর ২০২৬। পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
এরপর ২৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশন এবং ৪ জানুয়ারি ২০২৭থেকে ক্লাস শুরু হবে।
আবেদন ও ফি
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনকারী প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ৩ হাজার টাকা ফি দিতে হবে। অন্যদিকে ভর্তি পরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৫০ টাকা। নির্ধারিত নির্দেশনা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসব ফি পরিশোধ করতে হবে।
সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা সরাসরি পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট প্রোগ্রামের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পূর্ণকালীন শিক্ষার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী Fellowship/Teaching/Research Assistantship দেওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: বিইউপিতে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৫ ডিসেম্বর পর্যন্ত
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, প্রসপেক্টাস ও অনলাইনে আবেদনের পদ্ধতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।




