২০২৭ শিক্ষাবর্ষে বাংলা ভার্সনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি। নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, নার্সারি, কেজি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আসনসংখ্যা ও বয়সসীমা শ্রেণিভেদে নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: বিইউপিতে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৫ ডিসেম্বর পর্যন্ত
আসন ও বয়সসীমা
নার্সারি শ্রেণিতে ৮০টি আসন রয়েছে। এ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৪ থেকে ৫ বছর হতে হবে। কেজিতে ১৫টি আসন রয়েছে এবং বয়সসীমা ৪.৫ থেকে ৫.৫ বছর।
এ ছাড়া প্রথম শ্রেণিতে ১০০টি, দ্বিতীয় শ্রেণিতে ৭৫টি, তৃতীয় শ্রেণিতে ২০টি, চতুর্থ শ্রেণিতে ১৫টি, পঞ্চম শ্রেণিতে ২০টি এবং ষষ্ঠ শ্রেণিতে ১০টি আসন রয়েছে। এসব শ্রেণির বয়সসীমা যথাক্রমে ৫–৭, ৬–৮, ৭–৯, ৮–১০, ৯–১১ ও ১০–১২ বছর।
কারা আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত) এবং অসামরিক ও অন্যান্য ব্যক্তিবর্গের সন্তানরা ভর্তি ক্যাটাগরির আওতায় আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা ও ফি
নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬। আবেদন করতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের অনলাইন অ্যাডমিশন অপশন থেকে। আবেদন ও প্রবেশপত্র সংগ্রহের জন্য ১ হাজার টাকা ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।
ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকার
বিজ্ঞপ্তি অনুযায়ী, নার্সারি-কেজি ও প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রমে ২৯ অক্টোবর ২০২৬ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নার্সারি-কেজির সাক্ষাৎকারের সময় সকাল ৮টা থেকে ১০টা এবং প্রথম শ্রেণির সময় ১০টা থেকে ১২টা।
অন্যদিকে দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর ২০২৬, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত। পরীক্ষায় বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-২০ এবং মোট-৬০ নম্বরের প্রশ্ন থাকবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষার্থীদের অবশ্যই Admit Card সঙ্গে আনতে হবে। পরীক্ষার ১০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট acpscj.edu.bd এবং apply.acpscj.edu.bd ভিজিট করতে বলা হয়েছে।


