দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে বিটিআরসি। সোমবার (২৭ এপ্রিল) সংস্থাটির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
বিটিআরসি জানায়, সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতির ভিত্তিতে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে সেবার মান বজায় রাখার শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সরকারের সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ পোস্ট তাসনিম জারার
নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী, সর্বনিম্ন ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। ১০০ এমবিপিএস গতির প্যাকেজের জন্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০ এমবিপিএস গতির জন্য মাসিক ৩০০০ টাকা ধার্য করা হয়েছে। এসব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের উন্নত সেবা অভিজ্ঞতা নিশ্চিত করা এবং ইন্টারনেটের সুষম বণ্টন নিশ্চিত করতেই এই সমন্বিত মূল্য কাঠামো কার্যকর করা হয়েছে।

