বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজুল কোরআন বিভাগে সারা দেশে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছেন কুমিল্লার নিবরাস মাদ্রাসার হাফেজ মারজুক বিন সোহেল।
রাজধানীর যাত্রাবাড়ীতে বেফাক মিলনায়তনে বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ফলাফল ঘোষণা করেন।
হাফেজ মারজুক বিন সোহেল কুমিল্লা নগরীরর টমছম ব্রিজ এলাকায় অবস্থিত নিবরাস ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার ছাত্র। তিনি হিফজুল কোরআন বিভাগে ১০৩ নম্বর গ্রুপে ২০০ নম্বরের পরীক্ষায় পূর্ণ ২০০ নম্বর পেয়েছেন। মাত্র ১১ মাস ২৩ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন তিনি।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, হিফজ বিভাগে ১০৩ নম্বর গ্রুপে যৌথভাবে ছয়জন প্রথম হয়েছেন। তাদের মধ্যে প্রথমে রয়েছে মারজুকের নাম।
এর আগে পিইএচপি কোরআনের আলো প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছিলেন মারজুক। এ ছাড়া বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতি ও কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের অধীনে একাধিকবার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।
নিবরাস ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি আবুল বাশার বলেন, ‘মারজুকের সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য বড় নেয়ামত। এ অর্জনের পেছনে তার কঠোর পরিশ্রমের পাশাপাশি তার বাবা-মা এবং শিক্ষকদের নিরলস চেষ্টা আছে। আমরা কোরআন হেফজ করানোর পাশাপাশি সুন্নাহভিত্তিক উন্নত চরিত্র গঠনের মাধ্যমে যোগ্য নাগরিক গড়ার চেষ্টা করছি।’
তার শিক্ষক হাফেজ কারি জসিম উদ্দীন আবেদিন বলেন, ‘মারজুকের এই অসাধারণ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর দরবারে কৃতজ্ঞা। একজন শিক্ষকের জন্য এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না।’

