পাকিস্তান সফরের আগে ছিটকে গেলেন অজি অধিনায়ক, বাংলাদেশের বিপক্ষেও অনিশ্চিত

জিটি রিপোর্ট

প্রকাশ:

মিচেল মার্শ
মিচেল মার্শ |ছবি: সংগৃহীত

গোড়ালির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড আইপিএলের প্লে-অফ নিয়ে ব্যস্ত থাকায় আগেই এই সফর থেকে ছুটি নিয়েছিলেন।

এবার মার্শও ছিটকে যাওয়ায় পাকিস্তানের মাটিতে কার্যত একটি 'দ্বিতীয় সারির' অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে হবে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিশকে। আগামী ৩০ মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার চতুর্থ বিকল্প অধিনায়ক হিসেবে টস করতে নামবেন ইংলিশ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি দল থেকে রিজওয়ানকে বাদ, কারণ জানালেন কোচ

শুধু পাকিস্তান সিরিজই নয়, আগামী ৯ জুন থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সফরেও মার্শকে পাওয়া যাবে কি না—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরনো শত্রু সেই গোড়ালির চোট নতুন করে জেঁকে বসায় শেষ পর্যন্ত পাকিস্তানের বিমান ধরা হয়নি মার্শের। পাকিস্তান সিরিজের জন্য এখনো মার্শের কোনো বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে আইপিএলের শেষ ম্যাচ খেলে দেশে ফিরে যাওয়া কুপার কনোলিকে হয়তো কিছুটা আগেই পাকিস্তানের বিমান ধরাতে পারে অজি ম্যানেজমেন্ট।

নেতৃত্বের পাশাপাশি ব্যাটিং অর্ডারের শীর্ষস্থানে মার্শের না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য বড় একটি ধাক্কা। আইপিএলের শেষ চার ইনিংসে তাঁর ব্যাট থেকে ১১১, ১০, ৯০ এবং ৯৬ রানের মতো দুর্দান্ত সব ইনিংস এসেছিল। পাকিস্তান সফরে মার্শ ছাড়াও দুই অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ককে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তবে কুপার কনোলি, জাভিয়ের বার্টলেট এবং বেন ডোয়ারশুইসের দল পাঞ্জাব কিংস আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তাঁদের হয়তো আগেভাগেই দলে পেতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা। যদি কোনো কারণে ইংলিশ ম্যাচ খেলতে না পারেন, তবে অস্ট্রেলিয়ার হাতে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজে নেতৃত্ব দেওয়া অ্যালেক ক্যারির মতো আরেকটি বিকল্প প্রস্তুত রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!