ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপ দেখতে পারবেন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা

জিটি রিপোর্ট

প্রকাশ:

ব্রাজিলের ফুটবল প্রেমিরা
ব্রাজিলের ফুটবল প্রেমিরা |ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে সুখবর। দেশটির দর্শকরা ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ দেখতে পারবেন। এ ঘোষণা দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর বিনিয়োগ থাকা প্রতিষ্ঠান লাইভমোড এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল কেজটিভি।

তবে এই সুবিধা শুধু ব্রাজিলের দর্শকদের জন্য সীমাবদ্ধ থাকবে। ব্রাজিলের বাইরে অন্য কোনো দেশের দর্শকরা ইউটিউবের মাধ্যমে বিশ্বকাপের এই বিনামূল্যের সম্প্রচার দেখতে পারবেন না।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা করেছে কেজটিভি। ব্রাজিলিয়ান দর্শকদের জন্য ফোরকে (4K) মানের স্ট্রিমিং সুবিধাও রাখা হয়েছে। পাশাপাশি ম্যাচ সম্প্রচারের বাইরে থাকছে নানা বিশেষ আয়োজন।

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সম্প্রচারের অংশ হিসেবে দর্শকরা পর্দার আড়ালের এক্সক্লুসিভ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন উপভোগ করতে পারবেন। বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীদের আকৃষ্ট করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কেজটিভির যাত্রা শুরু হয় ২০২২ সালে। ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসেমিরো মিগুয়েল স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে চ্যানেলটি চালু করেন। একই বছর কাতার বিশ্বকাপের কিছু নির্বাচিত ম্যাচ সম্প্রচার করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে প্ল্যাটফর্মটি।

এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিক গেমসসহ বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরের সম্প্রচার করেছে কেজটিভি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার প্রথমবারের মতো বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বকাপকে ঘিরে এই উদ্যোগ ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সহজলভ্য অনলাইন প্ল্যাটফর্মে উচ্চমানের সম্প্রচার এবং বাড়তি বিনোদনমূলক আয়োজন দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

সংবাদসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!