বিশ্বকাপে প্রথম ম্যাচে জিতবে ব্রাজিল, হাঙরের ভবিষ্যদ্বাণী

জিটি রিপোর্ট

প্রকাশ:

হাঙরের ভবিষ্যদ্বাণী
হাঙরের ভবিষ্যদ্বাণী|ছবি: আল জাজিরা

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক হাঙর। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল জয় পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছে রিও ডি জেনিরোর একটি অ্যাকোয়ারিয়ামের বাসিন্দা স্ত্রী হাঙর ‘রীতিনহা’। তার এই পূর্বাভাস ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। খবর আলজাজিরা।

বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নানা রকম মজার আয়োজন ও ভবিষ্যদ্বাণীর গল্পও। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’-এর ধারাবাহিক সঠিক ভবিষ্যদ্বাণী এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। এরপর উট শাহীন, বিড়াল অ্যাকিলিসসহ আরও অনেক প্রাণী বিশ্বকাপের ম্যাচ নিয়ে পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন একটি হাঙর।

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি ঘিরে আগ্রহের পারদ যখন তুঙ্গে, তখন রিও ডি জেনিরোর একটি অ্যাকোয়ারিয়াম আয়োজন করে বিশেষ এক পরীক্ষা।

আরও পড়ুনঃ বিভক্ত জর্ডানকে যেভাবে এক করেছে ফুটবল দল

বিশ্বকাপের আবহ তৈরি করতে পানির নিচে ব্রাজিল ও মরক্কোর জাতীয় পতাকা সংবলিত দুটি আলাদা খাবারের পাত্র রাখা হয়। এরপর রীতিনহার সামনে রাখা হয় সেই দুটি বিকল্প। হাঙরটি সাঁতরে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই ব্রাজিলের পতাকা থাকা পাত্রটি বেছে নেয় এবং সেখান থেকে খাবার গ্রহণ করে।

অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষের এই আয়োজনের পর সামুদ্রিক জীববিজ্ঞানীদের একটি অংশের মতে, রীতিনহার এই পছন্দ প্রতীকীভাবে ব্রাজিলের জয়ের ইঙ্গিত বহন করছে। আর এতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সেলেসাও সমর্থকেরা।

তবে মাঠের বাস্তবতা বলছে, ব্রাজিলের সামনে সহজ কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে না। সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। শক্তিশালী ও সংগঠিত দল হিসেবে আফ্রিকার এই প্রতিনিধিকে হারাতে ব্রাজিলকে নিজেদের সেরাটা খেলতে হবে।

তারপরও ম্যাচ শুরুর আগেই রীতিনহার ভবিষ্যদ্বাণী নতুন করে রঙ ছড়িয়েছে বিশ্বকাপের উন্মাদনায়। ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা— হাঙরের এই পূর্বাভাস কি সত্যি হবে, নাকি মরক্কো মাঠে চমক দেখিয়ে সব হিসাব পাল্টে দেবে?

এখন অপেক্ষা কেবল মাঠের ৯০ মিনিটের। তখনই জানা যাবে, অতীতের কিংবদন্তি অক্টোপাস ‘পল’-এর মতো রীতিনহাও কি সঠিক ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিতি পায়, নাকি ব্রাজিল–মরক্কো ম্যাচের ফলাফল তার এই জলজ ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!