বিশ্বকাপে অতিরিক্ত ৭ ফুটবলার নিয়ে যাবে আর্জেন্টিনা

জিটি রিপোর্ট

প্রকাশ:

আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল|ছবি: সংগৃহীত

ইনজুরির ঝুঁকি ও শেষ মুহূর্তের পজিশনভিত্তিক অনিশ্চয়তা এড়াতে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মূল দলের সঙ্গে অতিরিক্ত সাতজন ফুটবলার রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।

ফিফার নিয়ম অনুযায়ী আগামী ৩০ তারিখের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত তালিকা জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে শেষ মুহূর্তে দল যেন কোনো সংকটে না পড়ে, সেজন্যই এই বাড়তি খেলোয়াড়দের ব্যাকআপ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে দলের সঙ্গে রাখা হচ্ছে।

আর্জেন্টিনা শিবিরে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে যখন তীব্র উদ্বেগ ও উত্তেজনা চলছে, ঠিক তখনই ইজেইজার অনুশীলন কেন্দ্রে কোচিং স্টাফদের নিয়ে দল গোছানোর চূড়ান্ত কাজ সারছেন স্কালোনি। আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন: ক্লেমেন্ট মডেলের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস

আর্জেন্টাইন শিবিরে সবচেয়ে বড় উদ্বেগের নাম অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ক্লাব কর্তৃপক্ষ তাঁর বাম হ্যামস্ট্রিংয়ে 'মাসল ফ্যাটিগ ওভারলোড' হওয়ার কথা জানালেও কোচের আশা, পরিস্থিতি খুব একটা গুরুতর নয়।

মেসির চোট নিয়ে স্কালোনি বলেন, ‘প্রথম খবরগুলো তেমন খারাপ নয়। অবশ্যই আমরা চাইতাম কিছু না হোক, কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে।’

মেসির পাশাপাশি টটেনহ্যাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা ও গনসালো মন্টিয়েলও পেশির ইনজুরিতে ভুগছেন, যা দলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবাচ্ছে কোচকে। এই পরিস্থিতিতেই জার্মানির হামবুর্গ এসভির মিডফিল্ডার নিকোলাস কপালদো এবং ব্রাজিলের পালমেইরাসের আগুস্তিন জিয়াইকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

এই বিকল্প খেলোয়াড়দের নিয়ে স্কালোনি বলেন, ‘এরা এমন খেলোয়াড় যারা আমাদের কিছু দিতে পারে, এমনকি ২৬ জনের তালিকাতেও থাকতে পারে—কেন নয়?’

এছাড়া দীর্ঘমেয়াদি ভবিষ্যতের কথা মাথায় রেখে বোকার টমাস আরান্দা, রিভারের সান্তিয়াগো বেলত্রান ও জোয়াকিন ফ্রেইতাস, ভেলেজের সিমন এসকোবার এবং রোসারিও সেন্ট্রালের ইগনাসিও ওভান্দোর মতো তরুণদেরও এই সফরে সঙ্গে রাখছেন স্কালোনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!