চোটে আক্রান্ত হলেও ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলবেন নেইমার—এমন নিশ্চয়তা দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে চলা বিতর্কের মধ্যেই তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ২৬ জন খেলোয়াড়ই বিশ্বকাপে অংশ নেবেন।
রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তেরেসোপোলিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, নেইমার আমাদের সঙ্গে থাকবে। আমরা বিশ্বাস করি, সে প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠতে পারবে। যদি না পারে, তাহলে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবে।’
ব্রাজিল কোচ আরও বলেন, ‘এই ২৬ জন খেলোয়াড়ই বিশ্বকাপে খেলবে বলে আমাদের কোনো সন্দেহ নেই।’
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে নেইমারকে অন্তর্ভুক্ত করার পর থেকেই তার ফিটনেস নিয়ে আলোচনা চলছে। সমর্থক, গণমাধ্যম এবং দলের ভেতরের বিভিন্ন মহলের চাপের মধ্যেও আনচেলত্তি তাকে দলে রেখেছেন। তার বিশ্বাস, ব্রাজিলিয়ান তারকা সময়মতো সুস্থ হয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিশ্বকাপে খেলবেন।
স্কোয়াড ঘোষণার আগে নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছিল, তার পায়ে ফোলাভাব রয়েছে। তবে জাতীয় দলে যোগ দেওয়ার পর ব্রাজিলের মেডিকেল বিভাগ পরীক্ষা করে জানায়, তার ডান পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-২ মাত্রার চোট রয়েছে। এই চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আনচেলত্তি জানান, শুরুতে নেইমারের শারীরিক অবস্থার দেখভাল করছিল সান্তোস। ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্প শুরু হওয়ার পর তার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব জাতীয় দলের মেডিকেল বিভাগের হাতে আসে।
আরও পড়ুনঃ সুয়ারেজকে বাদ দিয়েই উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
চোটের কারণে সমালোচনা তৈরি হলেও নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘তাকে দলে নেওয়া প্রয়োজন ছিল বলেই আমরা নিয়েছি। আমরা বিশ্বাস করি, নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবে। সে ভালোভাবে কাজ করছে এবং খুবই অনুপ্রাণিত রয়েছে।’
নেইমারের বর্তমান মানসিকতা এবং পুনর্বাসন প্রক্রিয়া নিয়েও সন্তুষ্ট ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে ছোট একটি সমস্যায় পড়েছে। তবে দ্রুত মাঠে ফেরার জন্য নেইমার ব্যক্তিগতভাবে দারুণ পরিশ্রম করছে।’
বিশ্বকাপে নেইমারের ভূমিকা নিয়েও ইতোমধ্যে তার সঙ্গে আলোচনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের মতে, দলের মধ্যে নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার।
আনচেলত্তি বলেন, ‘এই বিশ্বকাপে তার কী ভূমিকা হবে, নেইমার তা পুরোপুরি বুঝতে পেরেছে। সে প্রতিদিন সঠিকভাবে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে।’
তিনি আরও বলেন, ‘সে ইতিবাচক পরিবেশে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। আমার বিশ্বাস, সে বিষয়টি খুব ভালোভাবেই বুঝেছে।’
আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। সেই আসরে ব্রাজিলের অন্যতম বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে নেইমারকে। আর তার ফিটনেস নিয়ে তৈরি হওয়া সব সংশয়ের মাঝেই দৃঢ় অবস্থান নিয়েছেন কোচ আনচেলত্তি।

