বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ডান পায়ের পেশিতে চোট পাওয়ায় জাতীয় দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস আসন্ন দুটি প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন। এমনকি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, চোটের কারণে পারেদেসের বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামাও শঙ্কার মুখে পড়েছে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে এই মিডফিল্ডারের। ফলে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে তার খেলা হচ্ছে না। পাশাপাশি ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপে নেইমার নয়, ব্রাজিলের আর্মব্যান্ড পড়বেন মারকিনিওস
সম্প্রতি ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে ম্যাচে হেরে কোপা লিবের্তাদোরেস থেকে বিদায় নেয় বোকা জুনিয়র্স। ওই ম্যাচেই পারেদেসের চোটের বিষয়টি সামনে আসে এবং তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন পারেদেস। তিনি বলেন, ‘সপ্তাহজুড়েই হ্যামস্ট্রিংয়ে সমস্যায় ভুগছিলাম আমি। কিন্তু এই ম্যাচ মিস করার সুযোগ ছিল না, আমি বসে থাকতে চাইনি। কোচ আমাকে বলেছিলেন নিজের যত্ন নিতে, নিজের প্রতি সৎ থাকতে। এটা এমন ম্যাচ নয়, যেটাতে আমি বাইরে থাকতে পারতাম।’
এর আগে কিছুদিন ধরেই অস্বস্তি অনুভব করছিলেন বলে জানান পারেদেস। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার নিশ্চিত হওয়া যায়, তিনি পেশির চোটে ভুগছেন।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের জন্য এই চোট বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঝমাঠের অন্যতম ভরসার নাম পারেদেস সময়মতো সুস্থ হয়ে ফিরতে পারবেন কি না, এখন সেটিই অপেক্ষার বিষয়।

