আর্জেন্টিনা বিশ্বকাপ দলে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম এখন ইনজুরি। ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করলেও স্কোয়াডের অন্তত ১০ গুরুত্বপূর্ণ ফুটবলারের ফিটনেস নিয়ে উদ্বেগে আছেন কোচ লিওনেল স্কালোনি। কেউ দীর্ঘমেয়াদি চোট কাটিয়ে ফিরছেন, আবার কেউ ভুগছেন পেশির সমস্যায়। শিরোপা ধরে রাখার লড়াইয়ের আগে তাই পূর্ণ শক্তির দল পাওয়া নিয়েই সবচেয়ে বেশি চিন্তায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
সবচেয়ে বড় উদ্বেগের কেন্দ্রবিন্দু অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে হঠাৎ মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে পরীক্ষায় বাঁ হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির ক্লান্তি ধরা পড়ে। চিকিৎসকদের মতে, চোট গুরুতর নয়। সাধারণত এমন সমস্যা থেকে ফিরতে ৭ থেকে ১৪ দিন সময় লাগে। তবে ৩৮ বছর বয়সী মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনার কোচিং স্টাফ।
মেসির শারীরিক অবস্থা নিয়ে স্কালোনি বলেছেন, ‘অবশ্যই আমরা চাইতাম এমন কিছু না ঘটুক। এখন অপেক্ষা করতে হবে এবং নতুন পরীক্ষার ফল দেখতে হবে, যাতে বোঝা যায় প্রাথমিক রিপোর্ট ঠিক ছিল কি না।’
গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজও পুরোপুরি স্বস্তিতে নেই। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জয়ের পথে হাতে চোট পান তিনি। ভাঙা নখ নিয়েই কয়েকটি ম্যাচ খেলতে হয়েছিল অভিজ্ঞ এই গোলরক্ষককে। সেই চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরেও থাকতে হয়েছে তাকে। যদিও এখন তিনি অনুশীলনে ফিরেছেন, তবু তার শারীরিক অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রক্ষণভাগে সবচেয়ে বেশি উদ্বেগ লিসান্দ্রো মার্টিনেজকে ঘিরে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার দীর্ঘদিন হাঁটুর চোটে ভুগেছেন। লিগামেন্ট ও জয়েন্ট সমস্যার কারণে মৌসুমের বড় অংশ মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। কয়েক মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। দলে ফিরলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চিকিৎসকদের মতে, এমন চোটের পর পুরো ছন্দে ফিরতে ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
ক্রিশ্চিয়ান রোমেরোর অবস্থাও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। টটেনহ্যামের এই ডিফেন্ডার ডান হাঁটুর কোল্যাটেরাল লিগামেন্টে চোট পেয়েছিলেন। সাধারণত এ ধরনের ইনজুরি থেকে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগে। তিনি অনুশীলনে ফিরলেও এখনো শতভাগ ফিট নন। বিশ্বকাপের আগে তাকে আলাদা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নাহুয়েল মলিনাও পেশির সমস্যায় ভুগেছেন। আতলেতিকো মাদ্রিদের এই রাইট ব্যাক উরুর পেশিতে টান পড়ার কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। এমন চোট থেকে ফিরতে সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। ধীরে ধীরে অনুশীলনে ফিরলেও তাকে নিয়ে সতর্ক অবস্থানে আছে আর্জেন্টিনা শিবির।
গনসালো মন্তিয়েলের অবস্থাও খুব একটা ভালো নয়। রিভার প্লেটের এই ডিফেন্ডার কাফ মাসলের চোটে ভুগেছেন। সাধারণত এই ধরনের ইনজুরি পুরোপুরি সেরে উঠতে ১০ দিন থেকে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। তাই তাকে নিয়েও ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ।
নিকো গনসালেজও ইনজুরি সমস্যার কারণে আলোচনায় আছেন। কাতার বিশ্বকাপের আগেও শেষ মুহূর্তে চোটে পড়ে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবারও পুরো মৌসুমে ছোটখাটো পেশির চোটে ভুগেছেন। বর্তমানে খেলার জন্য প্রস্তুত থাকলেও তার ফিটনেসের ওপর বাড়তি নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: আর্জেন্টিনার ইতিহাসে প্রথম: বাবার পথ ধরে বিশ্বকাপ খেলবেন দুই তারকা সন্তান
মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও পুরো মৌসুমে ফিটনেস সমস্যার মধ্যে ছিলেন। চেলসির হয়ে কয়েকটি ম্যাচ মিস করতে হয়েছে তাকে। পেশির ক্লান্তি ও হালকা ইনজুরির কারণে নিয়মিত বিশ্রামে রাখা হয়েছিল। যদিও চিকিৎসকেরা মনে করছেন তার চোট গুরুতর নয়।
জিওভানি লো সেলসোকেও নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করেছিলেন এই মিডফিল্ডার। এবারও মৌসুমে কয়েকবার পেশির সমস্যায় পড়েছেন। তবে বর্তমানে দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে আছেন তিনি।
লিয়ান্দ্রো পারেদেসও পুরো মৌসুমে ছোটখাটো চোটে ভুগেছেন। যদিও এখন নিয়মিত অনুশীলনে ফিরেছেন, তারপরও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে মেডিকেল টিম।
এত সংখ্যক ফুটবলারের ফিটনেস সমস্যা স্কালোনিকে বাড়তি সতর্ক করে তুলেছে। এ কারণেই মূল স্কোয়াডের বাইরে আরও কয়েকজন তরুণ ফুটবলারকে অনুশীলন ক্যাম্পে রাখা হচ্ছে। শেষ মুহূর্তে কেউ ছিটকে গেলে বিকল্প প্রস্তুত রাখাই এখন কোচিং স্টাফের প্রধান লক্ষ্য।
স্কালোনি আগেই বলেছিলেন, ‘আমরা চাই না চূড়ান্ত তালিকায় পরে খুব বেশি পরিবর্তন আনতে হোক, তাই আরও কিছু সময় নিচ্ছি।’
আগামী ১ জুন থেকে শুরু হবে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্প। সেখানে খেলোয়াড়দের ফিটনেস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে মেডিকেল টিম। এরপরই পরিষ্কার হবে, ইনজুরি শঙ্কা কাটিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই বিশ্বকাপে নামতে পারবে কি না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর গ্রুপ ‘জে’ পর্বে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও খেলবে স্কালোনির দল।

