কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেননি; বরং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ওই বরাদ্দ দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) জেলা পরিষদের এক অনুষ্ঠানে পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লার জন্য ১৫ কোটি টাকা এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।
এর জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের প্রশাসক যে অর্থের কথা বলেছেন, তা মূলত উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। কোনো ব্যক্তি বা ব্যক্তিগত প্রয়োজনে এ অর্থ দেওয়া হয়নি।
আরও পড়ুন: দেশ গঠনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
তিনি বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ করেছেন। বাস্তবে দেবীদ্বার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ওই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজস্ব তহবিল থেকে অর্থ নেওয়ার অভিযোগও নাকচ করেন তিনি। তার দাবি, অর্থটি জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিলের নয়; বরং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয়েছিল।
হাসনাত আবদুল্লাহ জানান, দেবীদ্বারে কোন খাতে এবং কোন প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে, তার বিস্তারিত তথ্য জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব তথ্য প্রকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন উৎস থেকে বরাদ্দ আনা একজন জনপ্রতিনিধির দায়িত্ব। জনগণের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপ দেখতে পারবেন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা
সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ হিসেবে অর্থটি দেওয়া হয়েছিল এবং জেলা পরিষদের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে দেবীদ্বার উপজেলার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ ছিল, যা এডিপি প্রকল্পের আওতায় ব্যয় করা হয়েছে। জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিলের সঙ্গে এ অর্থের কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন।

