কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বুধবার (৩ জুন) কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। একই সময়ে বাহরাইনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়।কুয়েতের দাবি, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ৩০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে।
হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যেসব স্থান থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের বেসামরিক অবকাঠামো ও জাহাজে হামলা চালিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী সেসব স্থানকেই লক্ষ্যবস্তু করেছে।
আরও পড়ুনঃ প্রথমবারের মতো এককভাবে ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতলেন মেসি
তিনি আরও বলেন, “নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি, আরেকটি যুদ্ধের মাধ্যমেও তা অর্জন করতে পারবে না।”
ইরানের সশস্ত্র বাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অবকাঠামো ও নৌবাহিনীর ওপর যেসব স্থান থেকে হামলা চালানো হয়েছে, সেসব স্থানে পাল্টা আঘাত হানা হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ায় কুয়েত ও বাহরাইনও এ ঘটনার দায় এড়াতে পারে না।
আরও পড়ুন: জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
তবে ইরানের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের জন্য কুয়েত তার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি। ইরানের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলেও দাবি করেছে তারা।[সূত্র: আল জাজিরা]

