হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান

জিটি ডেস্ক

প্রকাশ:

হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান
হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান|ছবি: সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশের বেশি কমে যায়।

আরও পড়ুন: সারা দেশে অবৈধ মজুতকৃত ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার

আব্বাস আরাগচি জানান, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ খোলা থাকবে। তবে নিরাপত্তার কারণে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করতে হবে।

ইরানের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ইরান ঘোষণা করেছে যে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত এবং চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!’

আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯

তবে তিনি সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে স্থায়ী কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। হিজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান শর্ত ছিল। ইরান এর আগে ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রণালিটি প্রায় বন্ধ রেখেছিল।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দর পতন

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার মাধ্যমে বৈশ্বিক জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। দীর্ঘদিনের উত্তেজনার পর প্রণালিটি খুলে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!