ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় এখনো রাজি হয়নি তেহরান। এমনকি এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি। শনিবার অজ্ঞাত এক সূত্রের বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ওই সূত্রের মতে, বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি তুলেছে বলে মনে করছে ইরান। ফলে আলোচনা চালিয়ে যেতে হলে এসব দাবি প্রত্যাহার করাকে শর্ত হিসেবে সামনে এনেছে তেহরান।
আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯
পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে নিজেদের শর্ত ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে ইরান। সূত্রটি জানায়, “আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি যে, আমরা দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে প্রস্তুত নই।”
ফলপ্রসূ নয় এমন দীর্ঘমেয়াদি আলোচনায় সময় নষ্ট করতে চায় না বলেও মধ্যস্থতাকারীদের স্পষ্ট করে জানিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন দফার আলোচনা নিয়ে প্রশ্নের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেন, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোয় একমত না হলে আলোচনা সম্ভব নয়।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা
তিনি বলেন, “কাঠামো নিয়ে ঐকমত্য না হওয়া পর্যন্ত কোনো তারিখ নির্ধারণ করা যাবে না।”
তিনি আরও বলেন, আলোচনায় ইরান যা কিছুতেই সম্মত হোক না কেন, তা অবশ্যই আন্তর্জাতিক আইনের আওতায় দেশটির অধিকার সুরক্ষিত রাখার ভিত্তিতেই হতে হবে।
তার ভাষায়, ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন বা নিজের অধিকার বিসর্জন দেওয়ার কোনো বিষয় মেনে নেবে না।

