ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অধিকাংশ আসনে পরাজয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী শিক্ষার্থীরা ব্যঙ্গাত্মক গান বাজিয়ে পিকআপ ভ্যানে করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টিএসসি এলাকা থেকে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন হল ও গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা শেষ হয়। কর্মসূচির সময় শিক্ষার্থীরা প্রিন্স মাহমুদের জনপ্রিয় গান ‘রাজাকার আল-বদর কিছুই রবে না রে, সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে’ বাজান। পাশাপাশি বিভিন্ন প্যারোডি গানও শোনা যায়।
এ ছাড়া আবু সাদিক কায়েমকে নিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক গানও তারা বাজান। গানটির কথায় রাজনৈতিক ইঙ্গিত ছিল বলে উপস্থিত অনেকে মন্তব্য করেন। আয়োজকদের একজন এনামুল হাসান অনয় বলেন, জামায়াতের পরাজয় তাদের জন্য আনন্দের বিষয়। তবে তিনি দাবি করেন, দলটি এখন কার্যত বিরোধী অবস্থানে থাকায় রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে।
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ অতীতের বিভিন্ন ঘটনা সম্পর্কে সচেতন এবং সে কারণেই ভোটের ফলাফলে এর প্রতিফলন দেখা গেছে।’
এই কর্মসূচির আয়োজন করে ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়নের একাংশের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি নিয়ে বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ একে অপ্রয়োজনীয় উসকানি বলেও মন্তব্য করছেন।

