নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ (শুক্রবার) থেকে শুরু হবে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।
এ বছর নোবিপ্রোবি ভর্তি পরীক্ষায় ৩৩টি বিষয়ে ১ হাজার ৬১১টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ১৬ হাজার ৮৭৯ শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনে লড়বেন ১০ পরীক্ষার্থী। সব পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
আরও পড়ুন: বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, চলবে ৩১ মার্চ পর্যন্ত
এ বছর ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৭ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। এতে অংশগ্রহণ করবেন ২ হাজার ৪৩৮ পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটের পরীক্ষা ৩ এপ্রিল একই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৪৪ জন।
এছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১০ হাজার ৭৯৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: পাবলিক-প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতে ইউজিসির নির্দেশনা
সভায় জানানো হয়, পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চৌমুহনী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা, যানজট নিরসন, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সসহ বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হানিফ এবং রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসেন চৌধুরী প্রমুখ।

