বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতার চেক ছাড় করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: সরকারি ১০ কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা বাবদ চারটি চেক ১৩ এপ্রিল ২০২৬ তারিখে বিতরণকারী ব্যাংক—অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। (স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২, তারিখ: ১৩/০৪/২০২৬)
শিক্ষক-কর্মচারীরা ১৪ এপ্রিল ২০২৬-এর পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার অংশ উত্তোলন করতে পারবেন।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
জানা গেছে, দেশে মোট ৮ হাজার ২২৯টি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। এর মধ্যে দাখিল পর্যায়ে ৫ হাজার ৭৬৭টি, আলিম পর্যায়ে ১ হাজার ২৮৫টি এবং ফাযিল ও কামিল পর্যায়ে যথাক্রমে ৯৯৩ ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।

