উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান|ছবি: বাসস

রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারে নির্দেশনা জারি

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকায় সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প জায়গা নির্ধারণ করে দেবে সরকার। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়ে

এছাড়া স্কুল-কলেজের শুরু ও শেষ সময়ে সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এবং ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!