ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী রোববার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৩ মে রাত ৯টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নাম সম্বলিত গেজেট প্রকাশ করা হয়।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্যের গেজেট প্রকাশ
বিজয়ীদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন প্রার্থী, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী।
এদিকে সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন নিয়েও নতুন অগ্রগতি হয়েছে। শনিবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আগামীকাল নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশন বিষয়টির আইনগত দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণে প্রথমে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

