রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই নেতা এবি বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। থানার ভেতরে আটকে রেখে তাদের বেধড়ক মারধর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে শাহবাগ থানায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে যান জুবায়ের ও মোসাদ্দেক। এ সময় তাদের একাধিকবার মারধর করা হয়।
এ ছাড়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভিও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: হাসপাতাল-মাতৃসদনে রূপ নেবে অব্যবহৃত সরকারি ভবন: প্রধানমন্ত্রী
ফেসবুকে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জায়মা রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্যসংবলিত একটি ছবিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ছড়িয়ে পড়া ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে পোস্টটি করা হয়েছে বলে দেখা যায়। তবে সন্ধ্যায় তিনি স্ক্রিনশটটিকে ভুয়া দাবি করে শাহবাগ থানায় জিডি করতে যান। এ সময় সেখানে উপস্থিত হন ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে রাত ৮টার দিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ শাহবাগ থানায় প্রবেশ করেন। তখন আগে থেকেই অবস্থান করা ছাত্রদল নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা দুই নেতাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিককেও মারধর করা হয়।
আরও পড়ুন: ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সরকারি গাড়ির প্রস্তাব হাসনাত আবদুল্লাহর
সর্বশেষ তথ্য অনুযায়ী, এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে শাহবাগ থানার একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি তা কেটে দেন।

