পঞ্চগড় থেকে ৩ ট্রেনের যাত্রা বাতিল, টাকা ফেরত পাবেন যাত্রীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

শিডিউল বিপর্যয়ে পঞ্চগড় থেকে ৩ ট্রেনের যাত্রা বাতিল করা হয়
শিডিউল বিপর্যয়ে পঞ্চগড় থেকে ৩ ট্রেনের যাত্রা বাতিল করা হয়|ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সৃষ্ট শিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ট্রেনের ডাউন যাত্রা বন্ধ রাখা হয়।

পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জাহিদুল ইসলাম জাহিদ জানান, সকাল ৯টায় বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস এবং বিকেল ৩টা ৩০ মিনিটে কাঞ্চন আন্তঃনগর কমিউটার ট্রেনের ডাউন যাত্রা বাতিল করা হয়েছে। এরমধ্যে একটি ট্রেন ঢাকাগামী হলেও অপর দুটি পার্বতীপুর ও রাজশাহী অভিমুখী ছিল।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়েছে। আপ শিডিউলে তেমন প্রভাব না পড়লেও ডাউন লাইনে এর প্রভাব বেশি পড়েছে। তাই নির্দিষ্ট সময় পর্যন্ত তিনটি ট্রেনের ডাউন যাত্রা বাতিল করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী আগেই এসব ট্রেনের টিকিট কিনেছেন, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

স্টেশনমাস্টার আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল শুক্রবার থেকে ট্রেনগুলো যথাসময়ে পঞ্চগড় থেকে ছেড়ে যাবে।

বুধবার (১৮ মার্চ) বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরাঞ্চলের রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!