বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে ফাতেমা (৭) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে একটি কুমির। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের দিঘির মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফাতেমা ঘাটসংলগ্ন এলাকায় বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজার এলাকায় থাকত।
ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। তারা ইট ছুড়ে এবং দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে কুমিরটি দ্রুত শিশুটিকে গভীর পানিতে নিয়ে যায়।
আরও পড়ুন: দেশ গঠনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর তিনবার বিভিন্ন স্থানে শিশুটিকে দেখা গেলেও পরে সে নিখোঁজ হয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। নৌকা নিয়ে দিঘিতে নেমেও তাকে খোঁজার চেষ্টা চলছে।
খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

