জুনের শেষে চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইন চালু হচ্ছে পুরোদমে

জিটি রিপোর্ট

প্রকাশ:

সরকারি দল ও বিরোধী দলের ১০ সদস্যের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি জ্বালানি বিষয়ে বৈঠক করে
সরকারি দল ও বিরোধী দলের ১০ সদস্যের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি জ্বালানি বিষয়ে বৈঠক করে|ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের জন্য চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের শেষে পুরোদমে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ শুরু হবে। মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে গঠিত বিশেষ কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উপস্থিত একাধিক সদস্য বলেছেন, দেশে জ্বালানি তেলের তিন মাসের মজুত রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে। জ্বালানি সেক্টরকে অটোমেশন করা, এনার্জি সোর্স বহুমুখী করা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ে জোর দেওয়া হয়েছে। সংকট হওয়ায় সরকারের সচেতনতা বাড়ছে। এখন মজুত বৃদ্ধি হতে শুরু করে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: স্কুল ফিডিং কর্মসূচিতে গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: মন্ত্রণালয়

বৈঠক সূত্রে বলা হয়েছে, জ্বালানি তেলের মজুত বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপনে উদ্বুদ্ধ করার কথা আলোচনা হয়। এসময় সরকারি ও বিরোধী দলের সদস্যরা একমত হন। বিরোধী দলের পক্ষ থেকে জ্বালানি নিয়ে স্থায়ী বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। বিশ্বের যেকোনো দেশ থেকে আনা ক্রুড অয়েল যেন পরিশোধন করা যায়, সে ব্যবস্থা রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগীকরণের কাজ চলমান আছে। গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪ হালনাগাদপূর্বক গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করবে সরকার: শিক্ষামন্ত্রী

বৈঠকে জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিত আকারে কমিটির কাছে পাঠাতে আহ্বান করা হয়। কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, সাইফুল আলম, নূরুল ইসলাম, আবদুল বাতেন, আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!