জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের কঠোর গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
শনিবার (২ মে) সকালে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
র্যাব জানায়, দেশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। পাশাপাশি সম্প্রতি আলোচিত শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা ঘটনাকে কেন্দ্র করে ছায়া তদন্ত চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র বলেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেটে সংঘটিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের একাধিক দল মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এবং এর সঙ্গে কারা সম্পৃক্ত, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
তিনি আরও বলেন, সম্প্রতি কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পাওয়ার পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় শুধু টিটন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নয়, জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে—এমন সব সন্ত্রাসীকেই নিবিড় নজরদারির আওতায় রাখা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, শীর্ষ সন্ত্রাসী কিংবা যেকোনো পর্যায়ের অপরাধী যাতে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে র্যাব সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

