হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

জিটি রিপোর্ট

প্রকাশ:

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক|ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আরও দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দায়ের করা পৃথক দুই হত্যা মামলায় তাকে এ জামিন দেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন: জুলাই হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন

এর আগে, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয়। প্রথমে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও পরে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।

নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

এর আগে খায়রুল হক আরও পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। এসব মামলার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানার মামলা, নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানার মামলা এবং প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাও রয়েছে।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জন অভিযুক্ত

রাষ্ট্রপক্ষ এসব জামিন স্থগিত চেয়ে আবেদন করলেও গত ২৮ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তা খারিজ করে দেন।

প্রসঙ্গত, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। অবসরের পর তিনি টানা তিন মেয়াদে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!