হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপত্তা চাইল বাংলাদেশ

জিটি রিপোর্ট

প্রকাশ:

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান|ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তুরস্কে অনুষ্ঠিত আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানাই।”

আরও পড়ুন: হরমুজে নতুন সংকট, জরুরি বৈঠকে ট্রাম্প

জবাবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা জানান এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে দুই দেশ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও মতবিনিময় হয়।

আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চলমান পরিস্থিতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করে সব পক্ষকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং সুবিধাজনক সময়ে পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আশা প্রকাশ করেন।

এর আগে, গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকেও ‘বাংলার জয়যাত্রা’সহ অপরিশোধিত তেলবাহী অন্যান্য বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূত সে সময় এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের কথা জানান।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা

এছাড়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইরান।

বৈঠকে ড. খলিলুর রহমান ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশির আজারবাইজানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করায় ইরান সরকারকে ধন্যবাদ জানান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!