সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সংক্রান্ত ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে একটি সংশোধনী বিল পাস হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩ (সংশোধন) বিল’ পাস করা হয়।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। এতে কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এবং বিস্তারিত আলোচনা ছাড়াই বিলটি পাস হয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সংশোধনীটি অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সরকারি গাড়ির প্রস্তাব হাসনাত আবদুল্লাহর
নতুন সংশোধনের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারা বাতিল করা হয়েছে। এই ধারায় বলা ছিল, একজন সংসদ সদস্য তার পুরো মেয়াদকালে শুল্কমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারবেন। এছাড়া সর্বশেষ আমদানির পাঁচ বছর পর পুনরায় একই সুবিধায় আরেকটি গাড়ি আমদানি করার সুযোগও ছিল।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা আগেই ঘোষণা দিয়েছিলেন, তারা কেউই শুল্কমুক্ত গাড়ি সুবিধা গ্রহণ করবেন না।

