মাদারীপুরের শিবচরে তেলবাহী একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং ডাকাতির সময় ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপির কাউন্সিল শিগগিরই: মির্জা ফখরুল
গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রামভদ্রেরবাগ এলাকার আজিজুল (৩১) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার তুলসীঘাট এলাকার মোকলেস (৩৩)।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকার একটি স্থান থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (প্রায় ১৩ হাজার ৯৫০ লিটার), যার আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার টাকা, ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ
পথিমধ্যে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে শরীয়তপুরের নাওডোবা এলাকায় একটি পিকআপ ট্রাক তাদের গতিরোধ করে। এরপর সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
পরে রাত প্রায় ২টা ১৫ মিনিটে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ৪৮১ ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল
এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়েরের পর মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ টাকা ছাড়াও পুলিশের ৪টি সাউন্ড গ্রেনেড, ৩টি টিয়ার গ্যাস, একটি ব্যাটন ও একটি হেলমেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

