দুর্ঘটনা কমাতে জরাজীর্ণ রেললাইন সংস্কারের উদ্যোগ সরকারের

জিটি রিপোর্ট

প্রকাশ:

রেলপথ
রেলপথ|ছবি: উইকিপিডিয়া

সারা দেশে রেল দুর্ঘটনা কমাতে জরাজীর্ণ রেললাইন আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ সংস্কার ও পুনর্বাসনের মাধ্যমে ট্রেন ভ্রমণকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে কাজ চলছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার: প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রেললাইন ও নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটছে, যা রেল পরিচালনায় বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারের জন্য ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে দুটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলেই ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

আরও পড়ুন: ভর্তুকি ও পাচারের ঝুঁকি বিবেচনায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

এদিকে, পশ্চিমাঞ্চলের রেলপথ উন্নয়নেও সমান্তরাল পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রেলমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে রেল দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নত হবে এবং ট্রেন ভ্রমণ হবে আরও নিরাপদ ও আরামদায়ক।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!