ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য (এমপি) আজ রবিবার (৩ মে) শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয় গতকাল শনিবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: শপথের অপেক্ষায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিরা
এর আগে গত ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৪৯ নারী আসনের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন সন্ধ্যায় নির্বাচিত সদস্যদের নাম উল্লেখ করে সরকারি গেজেট প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মধ্যে সবচেয়ে বেশি ৩৬টি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া ১১ দলীয় জোটের মনোনীত ১২ জন নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্যের গেজেট প্রকাশ
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে সাধারণ আসনের নির্বাচিত সদস্যদের ভোটের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনের সদস্যরা নির্বাচিত হন। এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাতে সংরক্ষিত আসন বণ্টন করা হয়।
নবনির্বাচিত নারী এমপিদের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ রূপ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

