আজ শেষ কর্মদিবস, কাল থেকে শুরু ঈদের দীর্ঘ ছুটি

জিটি রিপোর্ট

প্রকাশ:

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে
আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে|ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে সোমবার (২৫ মে) থেকে। ফলে রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের আগের শেষ কর্মদিবস।

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে ছুটির প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি কার্যকর থাকবে।

প্রথমদিকে ঈদ উপলক্ষে মোট ছয় দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৬ ও ২৭ মে ঈদের আগের ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে ঈদের পরের ছুটি রাখা হয়। এছাড়া ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তীতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ ও ভোগান্তির বিষয় বিবেচনায় সরকার ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্তও চূড়ান্ত করা হয়। পরে ১৪ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে ছুটির মধ্যেও দেশের জরুরি সেবাসমূহ চালু থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ খাতের কর্মীরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!