ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তিতে আবেদন শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। বিকাশ, রকেট ও অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ পেতে হবে।
আরও পড়ুন: শিক্ষাবৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন করতে পারবেন যারা
এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
শুধু ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মেকানিক্যাল, আইপিই ও এমএমই বিভাগের আবেদনকারীদের একটি আবেদনের মধ্যেই বিভাগ পছন্দক্রম দিতে হবে। তবে একাধিক বিভাগে পরীক্ষা দিতে চাইলে আলাদা আবেদন করতে হবে।
আরও পড়ুন: শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন যেভাবে
আবেদনকারী প্রার্থীরা আগামী ১৯ জুলাই থেকে ৩০ জুলাই বিকেল ৩টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে বলা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

