বিশ্বের বিভিন্ন দেশের বহু ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। পরে অ্যাকাউন্টগুলোতে ‘পর্যালোচনাধীন’ (Under Review) বার্তা দেখানো হলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেক ব্যবহারকারী।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তারা নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছিলেন না।
অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তায় জানানো হয়, ব্যবহারকারীর কার্যক্রম ও ব্যবহৃত ডিভাইস পরীক্ষা করা হচ্ছে। সেবার শর্তাবলি অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই শেষে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল জানানো হবে।
আরও পড়ুন: বিদ্যুৎ বিল নিয়ে এবার আজহারী পোস্ট
এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, সমস্যাটি সমাধানে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো ধাপে ধাপে পুনরায় সচল করা হচ্ছে।
তবে কোন দেশের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি এ সমস্যার মুখে পড়েছেন বা কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
মেটার এক মুখপাত্র বলেন, অপব্যবহার রোধে নিয়মিত সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়। তবে কখনও কখনও ভুলবশত কিছু অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে অ্যাকাউন্ট পুনরায় চালুর চেষ্টা করা হয়।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নে সব অংশীজনের মতামত নেওয়া হবে: আইনমন্ত্রী
বর্তমানে হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম। প্রতি মাসে তিনশ কোটির বেশি মানুষ এটি ব্যবহার করেন। ফলে তুলনামূলক কম সংখ্যক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিলেও এর প্রভাব হাজার হাজার ব্যবহারকারীর ওপর পড়তে পারে।

