‘এক্স মানি’ নামে নতুন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু ইলন মাস্কের

জিটি ডেস্ক

প্রকাশ:

নতুন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’ আনুষ্ঠানিকভাবে চালু করেছেন
নতুন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’ আনুষ্ঠানিকভাবে চালু করেছেন|ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে ‘এভরিথিং অ্যাপ’-এ রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে নতুন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’ আনুষ্ঠানিকভাবে চালু করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালু হওয়া এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ডিজিটাল ওয়ালেট, গ্রাহক-থেকে-গ্রাহক (পিয়ার-টু-পিয়ার) অর্থ লেনদেন, উচ্চ সুদের সুবিধা এবং একটি ফিজিক্যাল মেটাল কার্ড ব্যবহার করতে পারবেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানায়, ‘এক্স মানি’র ডিজিটাল ওয়ালেট ও সরাসরি অর্থ লেনদেন সুবিধা অ্যাপল ওয়ালেট সমর্থন করবে।

আরও পড়ুন: ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কমিটি

কয়েক মাস ধরে সীমিতসংখ্যক ব্যবহারকারীর মাধ্যমে পরীক্ষামূলকভাবে পরিচালনার পর মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে এক্সের ‘প্রিমিয়াম’ ও ‘প্রিমিয়াম প্লাস’ গ্রাহকদের জন্য সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

নতুন এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি অন্য ব্যবহারকারীর সঙ্গে সরাসরি অর্থ লেনদেন এবং এক্স অ্যাপের ভেতরেই নিজেদের ভিসা ডেবিট কার্ড সংরক্ষণের সুযোগ পাবেন।

এক্সের ভাষ্য অনুযায়ী, ‘এক্স মানি’ ব্যবহারকারীরা অতিরিক্ত কোনো ফি বা লেনদেনের সীমা ছাড়াই প্ল্যাটফর্মের মধ্যে অর্থ পাঠাতে, গ্রহণ করতে কিংবা অর্থের জন্য অনুরোধ জানাতে পারবেন।

কোম্পানিটি আরও জানিয়েছে, ডিপোজিট অ্যাকাউন্টগুলো এফডিআইসি সদস্য ‘ক্রস রিভার ব্যাংক’-এ সংরক্ষিত থাকবে এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত আমানত বিমার আওতায় থাকবে।

এ ছাড়া নিবন্ধনকারীদের একটি ভার্চুয়াল কার্ড দেওয়া হবে, যা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে অ্যাপল পেতে যুক্ত করা যাবে।

আরও পড়ুন: জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এক্সের তথ্য অনুযায়ী, এক্স কার্ড ব্যবহার করে নির্দিষ্ট কিছু কেনাকাটায় ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও পাওয়া যাবে।

নতুন এই পেমেন্ট সেবার গ্রাহকদের জন্য আরও বেশ কিছু সুবিধা ঘোষণা করেছে এক্স। কোম্পানিটি জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করে ডিরেক্ট ডিপোজিট চালু করলে ‘প্রিমিয়াম’ ও ‘প্রিমিয়াম প্লাস’ ব্যবহারকারীরা বছরে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ পাবেন।

এ ছাড়া গ্রাহকরা একটি বিশেষ ফিজিক্যাল মেটাল কার্ড নেওয়ার সুযোগ পাবেন। কার্ডে কীভাবে তাদের নাম মুদ্রিত হবে, এমনকি এক্সে ব্যবহৃত নাম যুক্ত করবেন কি না, সে সিদ্ধান্তও ব্যবহারকারী নিজেই নিতে পারবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!