বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জিটি রিপোর্ট

প্রকাশ:

সপ্তাহজুড়ে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহজুড়ে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস|ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

চলতি মাসে ইতোমধ্যে দুই দফায় নিম্নচাপ সৃষ্টি হলেও তাতে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। এবারের লঘুচাপের প্রভাবেও দেশে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

তবে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। গত রোববার রাতেই এ-সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবার বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এতে সাময়িক স্বস্তি মিলতে পারে। রাজধানীতেও দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিছুটা বাড়লেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়ার বিশেষ বার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এবারের লঘুচাপটি বাংলাদেশের ওপর তেমন কোনো প্রভাব সৃষ্টি করবে না। চলতি সপ্তাহে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী রোববার বৃষ্টি বাড়তে পারে।

তিনি আরও জানান, এর দুই দিন পর বঙ্গোপসাগরে আবার একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দুপুর বা বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে, তবে সেই বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা নেই।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!