ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি, পাশাপাশি চলমান আলোচনা “খুব ভালো” এগোচ্ছে বলেও দাবি করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী ৬ এপ্রিল রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ থাকবে।
আরও পড়ুন: জ্বালানি সংকট কাটাতে দেশে এল তেলবাহী জাহাজ
তবে এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়, বরং একই ইস্যুতে ট্রাম্পের ধারাবাহিক সময়সীমা বাড়ানোর দ্বিতীয় ঘোষণা। গত ২১ মার্চ তিনি প্রথমে হুঁশিয়ারি দেন—ইরান দ্রুত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালি খুলে না দিলে জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। এরপর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি।
সেই সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে গত সোমবার তিনি প্রথমবার হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেন, “গঠনমূলক আলোচনা”র অগ্রগতির কথা উল্লেখ করে। সর্বশেষ ঘোষণাটি সেই সময়সীমারই সম্প্রসারণ।
এই সিদ্ধান্ত আপাতত অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকি কিছুটা কমাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে শুধু বিদ্যুৎকেন্দ্র নয়, তেল-গ্যাস স্থাপনা ও পানি শোধনাগারও সম্ভাব্য হামলার তালিকায় ছিল।
আরও পড়ুন: হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধুদেশের জাহাজ
তবে কূটনৈতিক অগ্রগতি নিয়ে নিজেই কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, “আমরা এটা করতে পারব কি না, নিশ্চিত নই। আমরা আদৌ এটা করতে চাই কি না, সেটাও জানি না।”
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উত্তেজনা চরমে রয়েছে। সাম্প্রতিক সময়ে হামলা-পাল্টা হামলা ও কৌশলগত চাপ বাড়ার মধ্যেই এই সাময়িক স্থগিতাদেশকে অনেকেই কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন।

