বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান আয়োজন ও সাধারণ মানুষের প্রবেশ নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। এ অনুযায়ী, আজ সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। তবে আগামীকাল মঙ্গলবার ভোর থেকে পুনরায় প্রবেশের সুযোগ দেওয়া হবে, কিন্তু বিকেলের মধ্যে সবাইকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে সংশ্লিষ্ট সবাইকে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে—
১. বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল—১৩ এপ্রিল রাত ১০টা থেকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ এবং দুপুর ১২টার পর দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল প্রবেশপথ খুলে দেওয়া হবে।
২. বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় নীলক্ষেত প্রবেশদ্বারের পাশাপাশি উদয়ন স্কুলের সামনের পথ ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
৩. বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের সামনের পথ দিয়ে প্রবেশ করতে পারবে। অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন এই সময়ে ক্যাম্পাসে ঢুকতে পারবে না।
৪. নববর্ষের দিন বিকেল ৫টা থেকে আবারও বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা শুধু ক্যাম্পাস থেকে বের হতে পারবেন, প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন: শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী
৫. শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে এবং সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
৬. ১৪ এপ্রিল বিকেল ৫টার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে আয়োজিত সব কর্মসূচি শেষ করতে হবে। এর পর খোলা জায়গায় কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

