মঙ্গলবার থেকে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু

জিটি রিপোর্ট

প্রকাশ:

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল|ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল টানা ৪৫ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে লাইসেন্স পুনর্বহাল হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৭ জুলাই) আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স পুনর্বহালের ফলে হাসপাতালের চিকিৎসাসেবা আবার চালু করার সুযোগ সৃষ্টি হওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ মহান আল্লাহতাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছে। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সময়ে হাসপাতালটির পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া ব্যক্তিদের প্রতিও ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলে কর্তৃপক্ষ আপিল করে। ওই আপিলের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করলে তা সন্তোষজনক বিবেচনায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়।

তবে হাসপাতালটির কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতির সঙ্গে কয়েকটি শর্তও আরোপ করেছে সরকার। শর্ত অনুযায়ী, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!