দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবারের (২৮ আগস্ট) বুলেটিনে অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শরীরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৬ জন রোগী ভর্তি রয়েছে।
হামের তথ্য দেওয়া শুরুর পর প্রথম ৩০ দিন শেষে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল আড়াই হাজারের কিছু বেশি। সে তুলনায় বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছেন ১৪৮ জন।
এ ছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ১ হাজার ১০০ জন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন।
২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ২৪৯, রাজশাহীতে ২৯, সিলেটে ১২৮, চট্টগ্রামে ২৭১, বরিশালে ১২৬, ময়মনসিংহে ৬১, খুলনায় ৫৫ এবং রংপুর বিভাগে ১৭ জন।
আরও পড়ুন: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে, দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬ জন।

