চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, ইতোমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। সব বোর্ডের পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার পর নভেম্বরের মাঝামাঝি ফল প্রকাশের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
আরও পড়ুন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নিতে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কয়েকটি জেলার কিছু পরীক্ষা স্থগিত হওয়ায় এ বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে যায়।
আরও পড়ুন: খেলার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী
চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার কয়েকটি পরীক্ষা গত ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। পরবর্তী সময়ে এসব পরীক্ষা নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রস্তুতসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

