সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম ও জুতা বিতরণ কার্যক্রম আগামী আগস্টের মধ্যেই শুরু করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে একটি পাইলট কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষে শতভাগ নির্ভুল পাঠ্যবই সরবরাহের নির্দেশ শিক্ষা সচিবের
তিনি বলেন, দেশে প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই করা হবে।
প্রতিমন্ত্রী জানান, দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠনগুলো ইতোমধ্যে এ উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য ৪ লাখের বেশি ইউনিফর্ম পাওয়া যাচ্ছে। একইভাবে জুতা শিল্পের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও প্রত্যাশা করছে সরকার।
সভায় প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) কেডস সরবরাহের বিষয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের বয়স, উপযুক্ত সাইজ, ছেলে-মেয়েদের চাহিদা এবং সরবরাহ সক্ষমতা নিয়ে প্রতিষ্ঠানগুলোর মতামত চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন ১৪ জুন পর্যন্ত
ববি হাজ্জাজ বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে জুতা সরবরাহের জন্য সরকার ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য চলতি বছরের আগস্টের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা। বিশেষ করে সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এ উদ্যোগের বাস্তবায়ন শুরু করতে চায় সরকার।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ দেশের বিভিন্ন ফুটওয়্যার কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

