সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

সাতক্ষীরার বিশেষ অভিযান চালায় বিজিবি
সাতক্ষীরার বিশেষ অভিযান চালায় বিজিবি|ছবি: সংগৃহীত

আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা, গাজীপুর, কালিয়ানী, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নতুন পাড়া নামক স্থান হতে নেশাজাতীয় ভারতীয় উইন সিরাক্স সিরাপ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার তেতুলবাড়ি নামক স্থান হতে ভারতীয় ওষুধ, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বেড়িবাঁধ নামক স্থান হতে ভারতীয় শাড়ি, টিফিন ক্যারিয়ার বাটি ও তাল মিছরি জব্দ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। 

এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার তেতুলতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিন লাখ ৪৬ হাজার দুইশ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!