গণভোটের রায়কে না মানলে সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশ বাতিল এবং সমসাময়িক বিষয়ে এ জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
দলের মুখপাত্র অভিযোগ করেন, সরকার যে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, এর মধ্য দিয়েই স্বৈরাচারের জন্ম হয়। বিগত সময়ে যে ফ্যাসিবাদ দেখা গেছে, এখন সেই স্বৈরাচারের সব লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, গণভোটের রায় না মানলে সেদিন থেকেই এই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবো। এর জন্য আমরা সময় নেবো না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও সময় নেবো না। ‘৬৯ এর অর্জন রক্ষা করা যায় নাই, ‘৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ‘২৪ এর অর্জন রক্ষা না হলে আবার ’২৬-২৭-এ এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে।
আসিফ বলেন, জিয়াউর রহমানের আমলের গণভোটের সঙ্গে এই গণভোটের তুলনা করা হয়। কিন্তু দুই গণভোটের সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্য গণভোট করা হয়েছিল। কিন্তু এবারের গণভোট হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে। গণভোটে জনগণ কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে।
তিনি হুঁশিয়ারি করে বলেন, গণভোটের রায়কে না মানলে রাজপথে নামতে সময় নেবো না। এ সময় জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়ে বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন আসিফ।

