হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল থেকে

T

TGT Admin

2 min read
প্রকাশ:

হজ যাত্রা
হজ যাত্রা|ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুসরণ করতে হবে।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি হজ এজেন্সি মালিকদের এবং হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইনসের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, ২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির অধিভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এ ছাড়া হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬-এর নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ করে পাঠাতে হবে।

তবে কোনো এজেন্সির অনুকূলে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি উড়োজাহাজের টিকিট ইস্যু করা যাবে না।

এ অবস্থায় একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠানো এবং নির্ধারিত অনুপাতে টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস ও হজ এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না। 

এদিকে সব ওমরাহ যাত্রীকে অবশ্যই ১৮ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। হজের লজিস্টিক কার্যক্রম নির্বিঘ্ন করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!