যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি আরও জটিল আকার নেওয়ার আশঙ্কায় জরুরি বৈঠক শুরু করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
বৈঠকের সূচনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, সামরিক পদক্ষেপ এমন এক বিশৃঙ্খল প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে, যা শেষ পর্যন্ত কারও নিয়ন্ত্রণে থাকবে না—বিশেষ করে বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চলে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক সীমা অতিক্রম করে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।
গুতেরেস জানান, ইরানের প্রায় ২০টি শহরে হামলার খবর পাওয়া গেছে। ইরানের শীর্ষ নেতৃত্বের কেউ নিহত হয়েছেন—এমন প্রতিবেদনও সামনে এসেছে। তবে এ বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি অবিলম্বে সংঘাত বন্ধ এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় এটি আরও বিস্তৃত যুদ্ধে রূপ নিতে পারে, যার ভয়াবহ প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবন, জ্বালানি বাজার এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার ওপর।‘
নিরাপত্তা পরিষদের এই বৈঠকে সদস্য দেশগুলো পরিস্থিতির সর্বশেষ অবস্থা, সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ এবং যুদ্ধবিরতির পথ নিয়ে আলোচনা করছে। সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

